
রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি ও প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কর্মীদের একটি প্রতিনিধিদল।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় প্রতিনিধিদলটি রোহিঙ্গা শিবির পরিদর্শনের পাশাপাশি আরআরআরসি কার্যালয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে।
প্রতিনিধিদলের সঙ্গে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের ওয়াশিংটন ডিসির মাল্টি-কান্ট্রি অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকটের বর্তমান পরিস্থিতি, শরণার্থীশিবিরগুলোর সার্বিক অবস্থা, মানবিক সহায়তা কার্যক্রম এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান এবং মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে উঠে আসে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট এক দশকে পা রাখার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পৃক্ততার ধারাবাহিকতায় এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রহ এবং মানবিক সহায়তা ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।